ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু
ফরিদপুর শহরে ইজিবাইকের ধাক্কায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের গোল পুকুর ড্রিম কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার এসআই মো. বেলাল হোসেন জানান।
নিহত কৌশিক দাস (৪৮) খোদাবক্স রোডের কালাচাঁদ দাসের ছেলে। তিনি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এসআই বেলাল বলেন, কৌশিক রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কৌশিকের মৃত্যুর খবরে জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বাড়িতে ছুটে যান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন যুবলীগ নেতা কৌশিক দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন।
