এসএসসি: দেশ সেরা রাজশাহীতে এগিয়ে মেয়েরা
এসএসসি পরীক্ষায় পাসের হারে এবারও দেশের সেরা ফল দেখিয়েছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা; আর তাদের মধ্যে এগিয়ে আছে মেয়েরা।
দেশের দশ বোর্ড মিলিয়ে যেখানে গড়ে ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে, সেখানে রাজশাহীতে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী।
এ নিয়ে টানা সপ্তমবারের মত পাসের হারে শীর্ষস্থান ধরে রাখল দেশের উত্তরের এই শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনারুল হক রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এবারের এসএসসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, রাজশাহী বোর্ডে গতবার ৮৬ দশমিক ০৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল, এবার তা বেড়ে ৯১ দশমিক ৬৪ শতাংশ হয়েছে।
পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবার বেড়ে হয়েছে ২২ হাজার ৭৯৫ জন। গতবছর এ বোর্ডের ১৯ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যার দিক দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে এই বোর্ডে।
মেয়েদের মধ্যে যেখানে পাসের হার ৯২ দশমিক ৯৬ শতাংশ, সেখানে ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ।
আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ৬৮৬ জন ছাত্রী; বাকি ১১ হাজার ১০৯ জন ছাত্র।
আনারুল হক বলেন, এবার ৪৩১টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। গতবছর এই সংখ্যা ছিল ২০৬টি। তবে এবারও একটি স্কুল থেকে কেউ পাস করেনি।
রাজশাহী বোর্ডের আট জেলার মধ্যে পাসে এগিয়ে রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ।
এছাড়া রাজশাহী জেলায় ৯২ দশমিক ৮৪ শতাংশ, বগুড়া জেলায় ৯২ দশমিক ১৪ শতাংশ, নওগাঁয় ৯১ দশমিক ৫০ শতাংশ, পাবনায় ৯১ দশমিক ২৩ শাতংশ, চাঁপাইনবাবগঞ্জে জেলায় ৯১ দশমিক ০৭ শতাংশ, সিরাজগঞ্জ জেলায় ৯০ দশমিক ৮৪ শতাংশ এবং নাটোর জেলায় ৮৯ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী এবার পাস করেছে।
এ বোর্ডে বগুড়া জেলার ৫১৮৬ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রাজশাহীর ৪১০৮ জন, সিরাজগঞ্জের ৩৩৯০ জন, পাবনার ২৮৪৭ জন, নওগাঁর ২৬১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩১ জন, নাটোরের ১৫২৭ জন এবং জয়পুরহাটের ১৪৯১ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।
