ভোলার হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
ভোলায় তাপদাহ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা বাড়ছে।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসক তৈয়বুর রহমান জানান, সোমবার পর্যন্ত গত কয়েক দিনে তাদের হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি করা হয়েছে। এরপর শুধু মঙ্গলবারই বেলা ১২টা পর্যন্ত ভর্তি করা হয়েছে ১৭ জন। রাত নাগাদ এ সংখ্যা আরও বাড়বে।
মঙ্গলবার বেলা ১টায় ওই হাসপাতালে গিয়ে দেখা গেছে, অর্ধশতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।
ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে ১০টি, বর্তমানে তা বাড়িয়ে ১৪টি করা হয়েছে বলে জানান চিকিৎসক তৈয়বুর রহমান।
তিনি বলেন, “তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাদের মধ্যে শিশুই বেশি। এরপর রয়েছে ৩৫ ঊর্ধ্ব নারী-পুরুষ।”
ভোলায় গত এক সপ্তাহ ধরে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে বলে জেলা আবহাওয়া দপ্তরের জুনিয়র অবহাওয়া পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন।
