বেতনের দাবিতে ডিসি কার্যালয়ের সামনে অবস্থান
একাধিকবার আশ্বাসের পরও বকেয়া বেতন-ভাতা না দেওয়ায় গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মহানগরীর লক্ষ্মীপুরা এলাকার ‘ইন্ট্রামেক্স’ পোশাক কারখানার শ্রমিকরা সোমবার বিকালে এ কর্মসূচিতে অংশ নেন।
কারখানার অপারেটর নাজমা বেগম বলেন, জানুয়ারি থেকে তিন মাসের বেতন-ভাতা বকেয়া ছিল। দীর্ঘ আন্দোলনের পর সম্প্রতি বিজিএমইএ-রর সঙ্গে এক সমঝোতা বৈঠকে গত ২৮ মার্চ জানুয়ারি মাসের, ১১ এপ্রিল ফেব্রুয়ারি মাসের ও ২৫ এপ্রিল মার্চের বেতন দেওয়ার তারিখ ধার্য হয়।
“কিন্তু গত ৩১ মার্চ এ বছরের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা হলেও সমঝোতা বৈঠকে ধার্য তারিখে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। মার্চের বেতন প্রদানেরও তারিখ ঠিক থাকবে কি-না তা নিশ্চিত নয়।”
নাজমা জানান, এমতাবস্থায় এপ্রিল মাসও শেষ হয়ে যাচ্ছে। এসব নিয়ে গত ১৫ এপ্রিল ডিসি অফিসের চত্বরে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালনকালে ডিসি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ২৮ এপ্রিল ফেব্রুয়ারি মাসের, ১২ মে মার্চ মাসের এবং ২৭ মে, এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন।
“কিন্তু ২৯ এপ্রিল দুপুরেও শ্রমিকরা ফেব্রুয়ারির বকেয়া বেতন পাওয়ার কোনো আলামত না পেয়ে বিকালে আবার ডিসি কার্যালয় চত্বরে অবস্থান নেন।”
কারখানার আরেক অপারেটর কোহিনুর বেগম বলেন, “বেতন-ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। শ্রমিকরা তাদের বাড়ি-ভাড়া, দোকান বাকি, সস্তানদের স্কুলের বেতন পরিশোধ করতে পারছেন না তারা।
“দোকানিরা তাদের বকেয়া দিচ্ছে না। বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেওয়ারও আল্টিমেটাম দিচ্ছে। তাই আর কোনো উপায়ান্তর না পেয়ে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছে শ্রমিকরা।”
জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, কারখানার কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের বেতন দেবে। মালিকের এ আশ্বাস বাস্তবায়িত না হলে জেলা প্রশাসন বৃহস্পতিবার কারখানা সিলগালা করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
এ আশ্বাসের পর তারা সন্ধ্যায় বাড়ি ফিরে যায় বলে তিনি জানান।
