গাজীপুরে কারখানার গরম পানিতে দগ্ধ হয়ে শ্রমিক নিহত
গাজীপুরে ওয়েলটেক্স নামে একটি কারখানায় গরম পানিতে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন।
জেলার শ্রীপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, রোববার রাতে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ইসরাফিল নামে এই শ্রমিকের মৃত্যু হয়।
ইসরাফিল মানিকগঞ্জ সদর উপজেলার কাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। শ্রীপুর পৌর এলাকার মুলাইদ গ্রামে ওয়েলটেক্স কারখানায় ডাইং সেকশনের অপারেটর ছিলেন তিনি।
কারখানার ব্যবস্থাপক হাফিজুর বলেন, ডাইং মেশিনের ঢাকনা খোলার সময় গরম পানি দুই শ্রমিকের গায়ে পড়ে। এতে ইসরাফি ও হামিদুলের শরীরের কিছু অংশ ঝলসে যায়। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছিল।
সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল মারা যান বলে তিনি চিকিৎসকদের বরাতে জানান।
ওসি ইসলাম চিকিৎসকের বরাতে বলেন, ইসরাফিলের শরীরের ৮০ শতাংশ আর হামিদুলের শরীরের ৩০ শতাংশ শরীর দগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ইসরাফিল মারা যান। হামিদুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
