রাজশাহীর হোটেলে জোড়া খুন: অভিযোগপত্রে আসামি ৪ ছাত্র
রাজশাহীর একটি আবাসিক হোটেলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী খুনের মামলায় ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে ছয় আসামির মধ্যে চারজন ছাত্র ও দুইজন হোটেল কর্মচারী।
এরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা দ্বিতীয় বর্ষের রাহাত মাহমুদ (২১), রাজশাহী কলেজের প্রাণিবিদ্যার চতুর্থ বর্ষের বোরহান কবীর ওরফে উৎস (২২), একই বিভাগের তৃতীয় বর্ষের আল-আমিন (২০), উচ্চমাধ্যমিক উত্তীর্ণ আহসান হাবিব ওরফে রনি (২০) এবং নাইস হোটেলের দুই বয় নয়ন (৩২) ও বখতিয়ার (৩২)।
এদের মধ্যে আহসান হাবিব, বোরহান ও নয়ন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৬ সালের ২২ এপ্রিল রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের ৩০৩ নম্বর কক্ষ থেকে সুমাইয়া ও মিজানুরের লাশ উদ্ধার করা হয়। মিজানুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সুমাইয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মিজানুরের লাশ ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। আর সুমাইয়ার লাশ ছিল বিছানায়।
এসআই মহিদুল ইসলাম সুজন বলেন, এই মামলার তদন্ত শেষে গত ১৫ এপ্রিল রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অভিযোগপত্র দাখিলের জন্য সময় নেওয়া হয়েছে। সেই অনুযায়ী রোববার বিকালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
পিবিআইয়ের এই তদন্ত কর্মকর্তা বলেন, চাঞ্চল্যকর এই মামলায় আদালতে আলাদাভাবে দুইটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে একটি সুমাইয়া নাসরিনকে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা এবং দ্বিতীয়টি হবে মিজানুরকে হত্যা। দুই মামলাতেই ছয়জনকে আসামি করা হয়েছে।
