বগুড়ায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে কয়েকজন যুবক। ঘটনার পর এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ঘাসিড়া এলাকায় এ হামলা হয় বলে নিহতের বড়ভাই জানিয়েছেন।
নিহত নাজিউর রহমান নাহিদ(১৯) বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
নাহিদ শাজাহানপুর উপজেলার নারিল্লা গ্রামের মতিউর রহমানের ছেলে।
নাহিদের বড়ো ভাই নাসিবুর রহমান বলেন, শনিবার সরকারি ডেমাজানী কমর উদ্দিন কলেজ পরীক্ষা কেন্দ্রে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে যান তার ভাই। পরীক্ষা শেষে দুপুরে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন।
“পথে ঘাসিড়া এলাকায় কয়েকজন দুর্বৃত্ত পথ আটকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এলাকার লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নাসিবুর বলেন, সম্প্রতি তাদের এলাকায় একটি নারীকে নিয়ে বিরোধ দেখা দেয়। ওই ঘটনায় সালিশ-বৈঠকও হয়েছে।
বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় প্রতিপক্ষের লোকজন নাহিদকে হত্যা করেছে বলে নাসিবুরের ভাষ্য।
শাজাহানপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
“ধারণা করা হচ্ছে বন্ধুদের সঙ্গে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে।”
ঘটনার পর রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিউল শাজাহানপুর উপজেলার মোস্তাইল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হবে বলে মনে করেন এই পুলিশ পরিদর্শক।
