২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাস শ্রমিকদের বিরুদ্ধে অটোরিকশা ভাংচুরের অভিযোগ

শরীয়তপুর শহরে বাস শ্রমিকদের বিরুদ্ধে অটোরিকশা ভাংচুরের অভিযোগ উঠেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2019, 04:51 PM

Updated : 18 Aug 2022, 05:12 PM

শরীয়তপুর অটোবাইক মালিক সমিতির সহ-সভাপতি চুন্নু মাদবর অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে শরীয়তপুর আদালত চত্বর এলাকা থেকে বাস শ্রমিকরা তিনটি অটোরিকশা পৌর বাসস্ট্যান্ডে নিয়ে ভাংচুর করেন।

খবর পেয়ে অটোবাইক মালিক সমিতির লোকজন পালং মডেল থানায় অভিযোগ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাংচুর করা অটোরিকশা তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর অটোবাইক শ্রমিক ও মালিকরা ক্ষুব্ধ হন। তারা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেন। এ নিয়ে শরীযতপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে শরীয়তপুর বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন চৌকিদার বলেন, সমিতির সিদ্ধান্তে এই ভাংচুর হয়নি।

“যদি কোনো শ্রমিক ভেঙ্গে থাকেন সেটা তিনি তার নিজের উদ্যোগে করেছেন। এটার দায়দায়িত্ব তারই। আমি এ বিষয়ে কিছুই জানি না।”

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গ্যাসের সিলিন্ডার লাগিয়ে অটোরিকশা চালানো অবৈধ। এতে মানুষের জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে।

“অনেক দিন ধরে এগুলো বন্ধের জন্য বলার পরও তারা বন্ধ করেনি। তাই বাস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ভাংচুর করেছেন।”

পালং থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর বলেন, বাস শ্রমিকরা তিনটি অটোবাইক ভাংচুর করেছেন। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।