২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাত হত্যা: পুলিশের ‘গাফিলতি’ ফের তদন্তে

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগের তদন্ত শেষ হওয়ার পর বিষয়টি ফের খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন সদরদপ্তরের সেই দলের দুই সদস্য।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2019, 09:16 PM

Updated : 18 Aug 2022, 05:11 PM

সিআইডির একটি তদন্ত দল এ হত্যাকাণ্ডে মানি লন্ডারিংয়ের বিষয় তদন্ত শুরু করেছে।

অপরদিকে, মাদ্রাসার আগের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের তদন্ত দলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, নুসরাত হত্যার ঘটনায় ততকালীন ওসি মোয়াজ্জেম হোসেনসহ পুলিশের গাফিলতির বিষয়ে পুলিশ সদরদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত দলটি গত ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত তদন্ত করে ঢাকা ফিরে যায়।

“অধিকতর তদন্তের জন্য দুই দিন পর ওই কমিটির দুই সদস্য ফের তদন্ত শুরু করেছে। ২২ এপ্রিল থেকে দুই দিনের তদন্ত শেষে ২৩ এপ্রিল ঢাকা ফিরে যায় তদন্ত দলটি।”

এ দুদিনে তদন্ত দলটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাত জন চেয়ারম্যান, পৌরসভার মেয়র, দুইজন শিক্ষার্থী ও ৪/৫ জন সাংবাদিকদের সাক্ষ্য গ্রহণ করেছে বলে সুফিয়ান জানান।

সিআইডি তদন্ত দলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, সিআইডি পুলিশের একটি দল সোমবার থেকে তদন্ত কাজ শুরু করেছে। তারা নুসরাত হত্যাসহ বিভিন্ন বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে সোনাগাজীতে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে অভিযান পরিচালনা করছে।

“তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ মাদ্রাসার একাউন্ট ও বিভিন্ন ব্যক্তির একাউন্ট তদন্ত করছেন।”

শুরু থেকে এ পর্যন্ত গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে সকল তথ্য উঠে এসেছে সেসব বিষয়ে তদন্তে নেমেছে সিআইডির তদন্ত দলটি। তদন্ত শেষে ঢাকা সদরদপ্তরে তারা প্রতিবেদন জমা দিবেন বলে ফারুক জানান।  

ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজজামান বলেন, আরবি বিশ্ববিদ্যালয় থেকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ বাতিল করার পর নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।

“অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহবায়ক করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি মাদ্রাসা পরিচালানার কাজ শুরু করেছে।”

তবে নুসরাত হত্যার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের তদন্ত কমিটির কাজ শেষ না হওয়ায় এখনও রিপোর্ট জমা দিতে পারেনি তিন সদস্যের তদন্ত কমিটি। ওই কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি কে এম এনামুল করিম প্রশিক্ষনে সিলেটে থাকায় তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগছে বলে তিনি জানান। 

গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে গেলে মাদ্রাসায় কয়েকজন দুর্বৃত্ত তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

আলোচিত এ মামলায় এজহারভুক্ত আট আসামিসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনিসহ আট জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া গ্রেপ্তার হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও মাদ্রাসার শিক্ষক আবছার উদ্দিন।

পুরনো খবর:

নুসরাত হত্যায় সদরদপ্তরের তদন্ত শেষ: পুলিশ