২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। 

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2019, 01:46 AM

Updated : 18 Aug 2022, 05:11 PM

রোববার রাত ৯টার দিকে উপজেলার কাকিনা গোপালরায়ের বিদুয়ারমারি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত রফিকুল ইসলাম রফিক (৩২) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।

বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান কালীগঞ্জ থানার এসআই বাদল কুমার মণ্ডল।

তিনি বলেন, “মোটর সাইকেলে করে ১০০টি ইয়াবা নিয়ে মাদক বিক্রেতা রফিক রংপুরে যাচ্ছিল। পরে তাকে আটক করে তার দেওয়া তথ্যে বড় চালান উদ্ধারে তাকে নিয়ে গোপালরায়ের বিদুরমারি এলাকায় যায় পুলিশের একটি দল। সেখানে রফিকের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে রফিককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।”

তখন গোলাগুলিতে রফিক এবং এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মোশারফ হোসেন আহত হন বলে জানান বাদল।

দুই পায়ে গুলিবিদ্ধ রফিককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ জানান, রফিকের বিরুদ্ধে মাদক আইনে ৬টি মামলা রয়েছে।