২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো হিংসাত্মক ঘটনা মোকাবেলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2019, 06:14 PM

Updated : 18 Aug 2022, 05:10 PM

রোববার কুমিল্লায় তিনি সাংবাদিকদের বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশের জনগণ সবসময় ধিক্কার দেয়।

শ্রীলঙ্কায় বোমা হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করে না। এ সকল হিংসাত্মক ঘটনা মোকাবেলায় নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

“এদেশের জনগণ অত্যন্ত ভ্রাতৃপ্রতীম। এটি অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোনো গির্জায়, মসজিদে, মন্দিরে হামলার মতো কোনো ঘটনা ঘটুক আমরা কেউ চাই না।”

রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনা চলাকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও আশপাশের এলাকার তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটে। একই সময়ে বোমা হামলা হয় তিনটি পাঁচতারা হোটেলে। এরপর দুপুরে একটি হোটেলসহ আরও দুটি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এসব হামলায় ১৩৮ জনের মৃত্যুর খবর দিলেও স্থানীয় গণমাধ্যমগুলোর মতে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

দুপুরে কুমিল্লার চান্দিনা থানার চার তলা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় অন্যান্যের মধ্যে সাংসদ আলী আশরাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর আড়াইটায় হেলিকপ্টরযোগে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পৌঁছেন। সেখান থেকে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘জঙ্গি ও মাদক বিরোধী’ সমাবেশে যোগ দেন।