গাজীপুরে কলেজছাত্রী খুন: তরুণের স্বীকারোক্তি
‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ গাজীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যায় গ্রেপ্তার এক কলেজছাত্র আদালতে জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হামিদুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
বুধবার শারমিন আক্তার লিজাকে (১৬) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এই কলেজছাত্রকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার এই তরুণ স্থানীয় লিঙ্কন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না।
শারমিন আক্তার লিজার হত্যাকারীর ফাঁসির দাবি জানায় শিক্ষার্থীরা
কেমব্রিজ কলেজের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে বর্ষোত্তীর্ণ পরীক্ষা শেষে লিজা তার এক বান্ধবী ও সতীর্থের সঙ্গে বাসায় ফেরার পথে কোনাবাড়ি কাঁচাবাজার এলাকায় পৌঁছালে কিছু বুঝে ওঠার আগে ওই তরুণ (গ্রেপ্তারকৃত) চাকু দিয়ে লিজার বুকে আঘাত করে। পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়।
স্থানীয় ক্লিনিক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকার উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার গলার নিচে বুকে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। চাকুটিও উদ্ধার করা হয়েছে।
নিহতের বড়ো ভাই সাদিম আহমদ সুজন বলেন, কলেজে আসা-যাওয়ার পথে লিজাকে উত্ত্যক্ত করত, প্রেম ও বিয়ের প্রস্তাব দিত ওই ছাত্র। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় হুমকিও দিয়েছে।
শারমিন আক্তার লিজার হত্যাকারীর ফাঁসির দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা
কোনাবাড়ি থানার ওসি এমদাদুল হক বলেন, ছেলেটি বৃহস্পতিবার দুপুরে গাজীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হামিদুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লিজার ঘাতকের ফাঁসির দাবিতে ওই দুই কলেজের শিক্ষার্থীরা কোনাবাড়ি এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
