খুলনায় অপহৃত স্কুলছাত্রী গাজীপুরে উদ্ধার, যুবক আটক
খুলনা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে গাজীপুর নগর থেকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাজেন্দ্রপুরের গজারিয়াপাড়া এলাকায় র্যাব-১ এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে আটক দেলোয়ার হোসেন (২৬) নেত্রকোনার বারহাট্টা উপজেলার দত্তগ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন দেলোয়ার।
“পূর্ব পরিচয়ের সূত্র ধরে দেলোয়ার হোসেন সোমবার রাতে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) খুলনার পাইকগাছা থেকে কৌশলে অপহরণ করে গাজীপুর নিয়ে আসেন।”
মামুন বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
“এক পর্যায়ে দেলোয়ার ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা নিয়ে গাজীপুরে আসতে বলেন। অন্যথায় মেয়েকে হত্যার হুমকি দেন।”
কমান্ডার মামুন আরও জানান, তখন তিনি বিষয়টি গাজীপুরে র্যাবকে জানালে র্যাব আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গজারিয়াপাড়ায় একটি বাড়ি থেকে দেলোয়ার হোসেনকে আটক ও অপহৃত স্কুলছাত্রীকে করে।
