মালয়েশিয়ায় দুর্ঘটনা: গোলাম মোস্তফার বাড়িতে শোকের মাতম
মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত গোলাম মোস্তফার গ্রামের বাড়ি নোয়াখালীতে চলছে শোকের মাতম।
তিনি চাটখিল উপজেলার দক্ষিণ নোয়াখোলা গ্রামের কৃষক নূর মোহাম্মদ মোল্লার ছেলে। নয় ভাই বোনের মধ্যে গোলাম মোস্তফা ছিলেন সপ্তম।
মালয়েশিয়া থেকে সোমবার সকাল ৮টার দিকে গোলাম মোস্তফার এক সহকর্মী টেলিফোন করে বাড়িতে তার মৃত্যু সংবাদ দিলে পরিবারে শোকের ছোয়া নেমে আসে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রোববার রাতে শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে পাঁচ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়; আহত হন আরও ৩৩ জন।
মাত্র ৯ মাস আগে ছয় লাখ টাকায় একটি কৃষিজমি বিক্রি করে মোস্তফাকে মালয়েশিয়া পাঠানো হয়েছিল উপার্জনের আশায়। সংসারের পরিবার একমাত্র কান্ডারির এমন মৃত্যুতে পরিবারটি এখন শোকের সাগরে ভাসছে।
মোস্তাফার লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বাবা।
