ফেনীতে ‘ধর্ষণে অন্তঃসত্ত্বা’ শিশু, শিক্ষক গ্রেপ্তার
ফেনীর দাগনভূইয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার ঘটনায় অভিযোগের পর তার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেয়েটির মায়ের করা মামলায় পুলিশ খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল করিমকে (৫৫) গ্রেপ্তার করেছে। করিম খুশিপুর গ্রামের আলতাফ আলীর ছেলে।
স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন বলেন, খুশিপুর স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীটি কিছুদিন ধরে অসুস্থতার কারণে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। সম্প্রতি একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় ধরা পড়ে।
“পরে স্বজনদের জিজ্ঞাসাবাদে সে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটানা ঘটিয়েছেন বলে জানায়।”
“মেয়েটি জানায়-প্রধান শিক্ষক আবদুল করিম স্কুল ছুটির পর তার নিজ কক্ষে ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছেন। তখন ঘটনাটি বাড়িতে না জানাতে মেয়েটিকে হুমকি দেন ওই শিক্ষক।”
দাগনভূইয়া থানার ওসি ছালেহ আহমেদ পাঠান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে প্রধান শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছে এক শিক্ষার্থী। এই মর্মে ওই শিক্ষার্থীর মা ৪ এপ্রিল থানায় মামলা দায়ের করেছেন।
“ওই মামলায় পুলিশ শুক্রবার রাতে আবদুল করিমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।”
ফেনী জেলা সদর হাসপতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের বলেন, “শনিবার দুপুরে হাসপাতালে মেয়েটির ইউরিন টেস্ট করা হয়েছে। রোববার তার আল্ট্রাসনোগ্রাফি করা হবে। এরপর শারীরিক পরীক্ষার প্রতিবেদন পুলিশকে হস্তান্তর করা হবে।”
