বকেয়া বেতনের দাবিতে রাজশাহী জুটমিলে ধর্মঘট
বকেয়া বেতন-ভাতাসহ নয় দফা দাবিতে ধর্মঘট ঘোষণার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন রাজশাহী জুটমিল শ্রমিকরা।
জেলার কাটাখালি থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, সকালে কারখানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ দেখান। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বেতন না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১০টার দিকে শ্রমিকরা মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়। এ সময় সড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। তবে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
