২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক জীবনে ফিরছেন দেড়শ চরমপন্থি

রাজশাহী অঞ্চলসহ পাশের জেলার অন্তত দেড়শ চরমপন্থি সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন বলে পুলিশ জানিয়েছে।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 10:18 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, সর্বহারা পার্টির (লাল পতাকা) নেতা হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে আগামী ৯ এপ্রিল পাবনা জেলা স্টেডিয়ামে এই আত্মসর্মপণ অনুষ্ঠান হবে।

তিনি বলেন, সরকার ঘোষিত অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ গ্রহণের অংশ হিসেবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চরমপন্থি সংগঠনের সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

“আগামী ৯ এপ্রিল পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের কাছে তারা আত্মসমর্পণ করবেন।”

রাজশাহী বিভাগের জেলাগুলো ছাড়াও কুষ্টিয়ার চরমপন্থি সংগঠনের সদস্যরাও সেখানে আত্মসমর্পণ করবেন বলে তিনি জানান।

ওই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাঠোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে এসপি শহিদুল্লাহ জানান।

রাজশাহী অঞ্চলের চরমপন্থিরা আব্দুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে আত্মসমর্পণ করবেন বলে জানান শহিদুল্লাহ।

তিনি বলেন, “রাজশাহী জেলা থেকে ৬২ জনের একটি প্রাথমিক তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে বাগমারা থানার ৪১ জন। তারা সবাই পুলিশের তালিকাভুক্ত চরমপন্থি সংগঠনের সদস্য।”

তবে এর সংখ্যা আরও বাড়তে পারে। তিন/চার দিনের মধ্যে চূড়ান্ত তালিকা পাঠানো হবে। এ নিয়ে কাজ চলছে বলে তিনি জানান।

এসপি শহিদুল্লাহ আরও জানান, আব্দুল রাজ্জাক ওরফে আর্ট বাবু বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চৌকিপাড়া মহল্লার নুরুল হুদার ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্র আর্ট বাবু দীর্ঘ সময় কারাগারেও ছিলেন। ২০০৪ সালে ঢাকায় গ্রেপ্তারের সময় আর্ট বাবু ঢাকা অঞ্চলের ‘লাল পতাকা’র সম্পাদক ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি জামিনে রয়েছেন।

আত্মসমর্পণকারীদের কীভাবে পুনর্বাসন করা হবে প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে এসব অপরাধীরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে পারে সেভাবেই তাদেরকে পুনর্বাসিত করা হবে।”

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক বলেন, ২০০৮ সালের আগের অশান্ত বাগমারাকে আজকের অবস্থায় আনতে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। বাগমারার এই চলমান উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে যারা অপরাধী তারা সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেলে বাগমারার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।