‘মারধর-ছিনতাই’, জাবি ছাত্রলীগের ৩ কর্মী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর আত্মীয়কে মারধরে করে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সময় ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছনে ওই ঘটনার সময় সরকার সমর্থক সংগঠনটির আরও দুই কর্মী পালিয়ে যান।
যাদেরকে আটক করা হয়, তারা হলেন- ৪৪তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঞ্জয় ঘোষ, ৪৫তম আবর্তনের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রায়হান পাটোয়ারী এবং সরকার ও রাজনীতি বিভাগের আল রাজী। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার সমর্থক হিসেবে পুরিচিত।
রায়হান পাটোয়ারী আগের একটি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কৃত রয়েছেন।
আর পালিয়ে যাওয়া দুই ছাত্রলীগ কর্মী হলেন- ৪৫তম আবর্তনের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মুসতাক সৈকত ও দর্শন বিভাগের মোকাররম শিবলু।
তারা সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের অনুসারী হিসেবে পরিচিত। এদের মধ্যে মোকাররম শিবলু হচ্ছেন আবু সুফিয়ানের ফুপাত ভাই।
মারধরের শিকার ব্যক্তি এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (চালক) আলমগীর হোসেনের জামাতা মনির সরদারকে মারধর ও ছিনতাইয়ের সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
“আটকদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা মুচলেকা নিয়ে আটক শিক্ষার্থীদের আপাতত ছেড়ে দিয়েছি। এ বিষয়ে আগামীকাল জরুরি ডিসিপ্লিন বোর্ডে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
ছাত্রলীগ কর্মীদের মারধরে আহত মনির সরদারকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মনিরের স্বজনদের বরাত দিয়ে প্রক্টর ফিরোজ বলেন, “ভোরে মনির সরদার ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বিশমাইল এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় অভিযুক্ত ছাত্রলীগকর্মীরা তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।”
তিনি বলেন, “আত্মরক্ষার জন্য মনির দৌড় দিলে অভিযুক্তরা তাকে ধরে বোটানিক্যাল গার্ডেনের পেছনে নিয়ে যায়। সেখানে মনিরকে মারধর করে তার স্ত্রীর কাছে মুঠোফোনে এক লাখ টাকা দাবি করে।
“খবর পেয়ে মনিরের শ্বশুর বাড়ির লোকজনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলে যান। লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগকর্মীরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করতে পারে তারা। পরে আটকদের কাছ থেকে অন্য দুজনেরও পরিচয় পাওয়া গেছে।”
তবে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয় ঘোষ।
তিনি বলেন, “আমি জুনিয়রদের ফোন পেয়ে বোটানিক্যাল গার্ডেনের পেছনে যাই। আমি বিষয়টি জানতাম না। গিয়ে দেখি, ওরা তাকে (মনিরকে) মারধর করেছে। তবে ছিনতাই বা মুক্তিপণের ঘটনা ঘটেনি।”
ঘটনা শোনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা।
তিনি বলেন, “আমি বিষয়টা শুনেছি। ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
আর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, “আমি ঘটনা পুরোপুরি শুননি। তবে যাদের নাম বলা হচ্ছে তারা ছাত্রলীগের কর্মী। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠিনক ব্যবস্থা নেওয়া হবে।”
