নিউজিল্যান্ডে সন্ত্রাসীর গুলিতে নিহত ফারুকের লাশ নারায়ণগঞ্জে দাফন
নিউজিল্যান্ডে জুমার নামাজের সময় সন্ত্রাসীর গুলিতে নিহত ওমর ফারুকের লাশ নারায়ণগঞ্জে এনে দাফন করা হয়েছে।
ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন জানান, বন্দর উপজেলার সিরাজউদ্দৌলা মাঠে জানাজা শেষে বেলা পৌনে ১১টায় বন্দর কবরস্থানে দাফনকাজে আত্মীয়-স্বজনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ আনা হয়। স্বজনদের কাছে হস্তান্তর করা হলে মধ্যরাতে বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় তাদের বাড়িতে নেওয়া হয়।
এ সময় কান্নায় ভেঙে পড়েন তার মা, তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বোনসহ শোকার্ত স্বজনরা।
সকালে গোসল শেষে লাশ বাড়ির সামনে রাখা হলে এলাকবাসী ও দূর-দূরান্ত থেকে তার বন্ধুবান্ধব এবং স্বজনরা এসে ভিড় জমান।
একমাত্র উপার্জনকারী স্বজনকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার।
ফারুকের মা ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন। “আমার বাবাকে ছাড়া আমি কিভাবে বাঁচব?” তিনি বিলাপ করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের মেয়র সেলিনা হায়াৎ আইভী শোকসন্তপ্ত পরিবারে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানান।
গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে ঢুকে সেমি অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে বর্ণবাদী এক অস্ট্রেলীয় যুবক।
হামলার ঘটনার সময় একটি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন নিউ জিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান।
ওই হামলায় নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির থাকার খবর পরে নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিন।
নিহত পাঁচজন হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুস সামাদ, সিলেটের ফরিদ উদ্দীন আহমেদের স্ত্রী হুসনে আরা আহমেদ, চাঁদপুরের মোজাম্মেল হক, নরসিংদীর পলাশের জাকারিয়া ভূঁইয়া এবং নারায়ণগঞ্জের মোহাম্মদ ওমর ফারুক।
এছাড়া হামলায় আহত হয়েছেন কিশোরগঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম এবং শেখ হাসান রুবেল।
পরে মরদেহ হস্তান্তরের জন্য নিহতদের পরিবারের একজন সদস্যকে সেখানে নেওয়ার কথা জানানো হয় নিউ জিল্যান্ড সরকারের পক্ষ থেকে।
