স্বাধীনতা দিবসে লাউয়াছড়ায় ১১ বন্যপ্রাণী অবমুক্ত
স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১১টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বনের আমতলী এলাকায় এ প্রাণিগুলো অবমুক্ত করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, গ্রামের ঝোপঝাড় কেটে ফেলায় এবং বন জঙ্গলে পানি ও খাদ্যের অভাব দেখা দেওয়ায় প্রাণীগুলো বনাঞ্চল থেকে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়েছিল। পরে ফাউন্ডেশনে এনে চিকিৎসা ও সেবা দিয়ে সুস্থ করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
একটি গন্ধগকুল, একটি বন বিড়াল, তিনটি অজগর সাপ, দুইটি সরালি পাখি দুইটি খালিম পাখি ও একটি মেছ বাঘ ও একটি তক্ষক একটি মেছবাঘট, বনবিড়াল ও একটি অজগর সাপ এ সময় বনে ছেড়ে দেওয়া হয় বলে সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান।
৪৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফুর রহমান বলেন, এই অবমুক্তির মধ্যদিয়ে প্রাণীগুলো পেয়েছে স্বাধীনতার স্বাদ। আর তাদের স্বাধীনতার স্বাদে অংশগ্রহণ করতে পেরে তার নিজেরও ভালো লাগছে। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য আমাদের প্রাণিকুলকে রক্ষা করতে হবে।
পরে পশু পাখির খাদ্য হিসেবে বনের ভিতরে একটি বট বৃক্ষ রোপন করেন অতিথিরা।
এ সময় শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক আনিছুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, সাধারণ সম্পাদক বিকুল চক্রবতী, ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক গৌতম দেব, সাংবাদিক এসকে দাশ সুমন ও মিন্টু পাল উপস্থিত ছিলেন।
