লালমনিরহাটের আ. লীগের সংঘর্ষে আহত ৩
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বাধীনতা দিবসের র্যালি থেকে ফেরার পথে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে উপজেলার বন্দর এলাকায় এ ঘটনা ঘটে বলে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান।
এ ঘটনায় দৈনিক মানবকন্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুসহ তিনজন আহত হয়েছেন। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়ানি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্যায়ের দলটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সারওয়ার হায়াত খানের অনুসারীরা স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি বের করেন।
র্যালি থেকে ফেরার পথে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়; এতে এক সাংবাদিকসহ উভয় দলের তিনজন আহত হন।
ওসি বলেন, সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আলোচনা সভা ছিল।
“সভা শুরুর পর সেখানে উপস্থিত সারওয়ারসহ উপজেলা নির্বাচনের আরও কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে বাচ্চু চলে যেতে বলেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।”
পরে পুলিশের নিরাপত্তায় মোতাহার হোসেন দলীয় অফিস ত্যাগ করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, “কালকের ওই ঘটনার জের ধরে এ সংঘর্ষ হয়েছে।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ করে। বর্তমানে শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে আহত সাংবাদিক আসাদুজ্জামানের অভিযোগ, সংঘর্ষের সময় তিনি ছবি তুলতে গেলে বাচ্চুর কর্মীরা তাকে মারধর করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে বাচ্চু বলেন, “আমাদের পক্ষের কেউ তাকে মারধর করেনি।”
