শেরপুরে এসেছে বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর সাইক্লিং দল
বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শুরু হওয়া যৌথ সাইক্লিং দল শেরপুর হয়ে বাংলাদেশে ঢুকেছে।
শুক্রবার বিকালে শেরপুরের নাকুগাঁও চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে আসেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বিনাগুরি মিলিটারি স্টেশন থেকে এই সাইক্লিং শুরু হয়।
এতে উভয় দেশের ৩০ জন বিভিন্ন পদবির সেনাসদস্য অংশ নিয়েছেন। শুক্রবার তাদের নাকুগাঁও চেকপোস্টে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশন অভ্যর্থনা জানায়।
এ সময় বিজিবি, বিএসএফ, র্যাব ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি ভারতের ধুবরি-তুরা-ঢালু রুটে প্রায় ২৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। পথে তারা ভারতের বগুড়ায় স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দলটি বাংলাদেশের হালুয়াঘাট-জামালপুর-ধনবাড়ি-মধুপুর হয়ে আরও ১৩৭ কিলোমিটার পথ পেরিয়ে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে পৌঁছাবে ২৫ মার্চ। সেখানে ফ্ল্যাগ ইন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাইক্লিং শেষ হবে।
