ফরিদপুরে নিখোঁজ ক্লিনিক ম্যানেজারের লাশ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তিনদিন আগে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ এক ক্লিনিক ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওয়াকিব শিকদার (২৪) বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের জলিল শিকদারের ছেলে।তিনি আলফাডাঙ্গায় নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম জানান, উপজেলার মিঠাপুর চরপাড়া বারাশিয়া নদী সংলগ্ন একটি ঝোঁপ থেকে বৃহস্পতিবার রাত ২টার দিকে ওয়াকিবের লাশ উদ্ধার করেন তারা।
তিনি বলেন, মঙ্গলবার রাতে কে বা কারা ওয়াকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানায় জানালে তাকে উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ।
“বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াকিবের বন্ধু দেউলি গ্রামের বিল্লালকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তার দেওয়া তথ্যে ওয়াকিবের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে জড়িত অভিযোগে একই গ্রামের ইমন শেখ এবং রাকিব নামের আরও দুই জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
