২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শিল্পবিপ্লব বাংলাদেশের নেতৃত্বে: মোজাম্মেল

বাংলাদেশ খুব শিগগিরই চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2019, 11:58 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

বৃহস্পতিবার মন্ত্রীর বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুনাজ আহমেদ নূর ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে খুব শিগগিরই চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্ব দেবে বাংলাদেশ। বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে এ বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের সহায়তা করা হবে।

মন্ত্রী মোজাম্মেল আরও বলেন, উপাচার্য মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টিকে একটি অবস্থানে দাঁড় করিয়েছেন। আগামী মে থেকে শুরু হবে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের ক্লাস।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আশরাফউদ্দিন উপস্থিত ছিলেন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ।

উপাচার্য মুনাজ আহমেদ নূর জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানি দখলদার বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুর থেকে সর্বপ্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে।