২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুডেন্ট কেবিনেট শিক্ষার্থীদের দায়িত্বশীল করবে: দীপুমনি

স্কুলে স্টুডেন্ট কেবিনেট শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে ভূমিকা রাখেবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপুমনি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2019, 08:12 PM

Updated : 10 Oct 2022, 08:59 PM

পুরনো খবর:

কিশোরদের ‘মন্ত্রিসভা’ গঠনে ভোট ১৪ মার্চ

বৃহস্পতিবার গাজীপুরে একটি বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা সকল গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে, দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কীভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটি শেখবে।

বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলায় বেগম সুফিয়া মডেল হাইস্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছে।

মন্ত্রী নির্বাচন পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারও নির্বাচন হচ্ছে।

“আমি আশা করি এটি অব্যাহত থাকবে, যেসব স্কুল এর আওতার বাইরে আছে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।”

মন্ত্রী স্কুলের বিভিন্ন কক্ষে ছাত্রছাত্রীদের ভোট দান কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, এবার জেলায় বৃহস্পতিবার ৩২০টি মাধ্যমিক স্কুল, ১০০টি দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছে। এসব প্রতিষ্ঠানে ৮৭ হাজার ৭৩২ জন ছাত্র এবং ৯৫ হাজার ২২৪ জন ছাত্রী ভোট প্রয়োগ করেছেন।

সারাদেশের ২২ হাজার ২৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন হয়েছে। এরমধ্যে ১৬ হাজার ২৪৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ হাজার ৭১৬টি দাখিল মাদ্রাসা রয়েছে।

এবারের নির্বাচনে এক লাখ ৮৩ হাজার ৬৮৮টি পদের জন্য ৩ লাখ ২৪ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮ জন শিক্ষার্থী ভোটার হন।