২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরদের ‘মন্ত্রিসভা’ গঠনে ভোট ১৪ মার্চ

শিশুকাল থেকে গণতন্ত্র চর্চার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় ‘স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন’ হবে আগামী ১৪ মার্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2019, 08:25 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

এদিন সকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের ২২ হাজার ৯৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিরতিহীনভাবে ভোট হবে।

প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সাল থেকে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হলেও মাধ্যমিক স্তরে ২০১৫ সাল থেকে কিশোর শিক্ষার্থীদের মন্ত্রিসভা গঠনে এ নির্বাচন হচ্ছে।

এই নির্বাচনকে সামনে রেখে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এর বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াও ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে তাদের সম্পৃক্ত করাতে এই নির্বাচন হচ্ছে।

এবার দেশের ২২ হাজার ২৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন হবে। এরমধ্যে ১৬ হাজার ২৪৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ হাজার ৭১৬টি দাখিল মাদ্রাসা।

এবারের নির্বাচনে এক লাখ ৮৩ হাজার ৬৮৮টি পদের জন্য ৩ লাখ ২৪ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন জানিয়ে মন্ত্রী বলেন, ভোট দেবেন ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮ জন শিক্ষার্থী।

এই নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বও থাকবে শিক্ষার্থীদের উপর। শিক্ষক, পরিচালনা পর্যদ ও অভিভাবকরা শিক্ষার্থীদের সহযোগিতা করবেন।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থীই ভোটার জানিয়ে দীপু মনি বলেন, ভোটার তালিকাভুক্ত যে কোনো শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী হতে পেরেছে।

“প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে একটি, সর্বোচ্চ তিন শ্রেণিতে দুটি মোট আটটি ভোট দিতে পারবে।”

প্রত্যেক শ্রেণি থেকে একজন করে পাঁচটি শ্রেণি (ষষ্ঠ-দশম) থেকে পাঁচজন ও পরবর্তী সর্বোচ্চ ভোট পাওয়া তিন শ্রেণির তিনজনকে নিয়ে এক বছরের জন্য আট সদেস্যর মন্ত্রিসভা গঠিত হবে।

শিক্ষামন্ত্রী জানান, কেবিনেটের কর্মপরিধিতে থাকবে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য; ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষরোপন ও বাগান তৈরি, দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি।

নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী সাত দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে প্রথম বৈঠকে বসবে কিশোর শিক্ষার্থীদের মন্ত্রিসভা।

এই বৈঠকে ‘কেবিনেট প্রধান’ নিজেদের মধ্যে কর্মবণ্টন, সহযোগী সদস্য মনোনয়ন এবং সারা বছরের কর্মপরিকল্পনা করবে।

স্টুডেন্ট কেবিনেটকে মাসে কমপক্ষে একটি সভা করতে হবে জানিয়ে দীপু মনি বলেন, শিক্ষকরা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা ও পরামর্শ দেবেন। প্রতি ছয় মাস পর সব শিক্ষার্থীর উপস্থিতিতে ক্যাবিনেটের সাধারণ সভা হবে।

“নির্বাচিত প্রতিনিধিরা উক্ত সভায় তাদের কাজের জন্য একক ও যৌথভাবে দায়বদ্ধ থাকবে। যেসব সদস্য দায়িত্ব পালনে ব্যর্থ বা অপারগ হবে তারা পদত্যাগ করবে এবং পরবর্তী অধিক ভোটপ্রাপ্ত সদস্যকে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করা হবে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, ব্যানবেইস পরিচালক ফসিহউল্লাহ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।