টঙ্গীতে অস্ত্রসহ তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে; যাদের ছিনতাইকারী বলছে পুলিশ।
গাজীপুরার ২৭ রোডে মাসকো গার্মেন্ট এর সামনে থেকে রোববার রাত ৯টার দিকে তাদের আটক করা হয় বলে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানান।
এরা হলেন- নেত্রকোণার সদরের সাতপাই এলাকার জানে উল্লাহর ছেলে মো. ছোটন উল্লাহ (২৯), শেরপুর সদরের বাকরাকসার ইমতিয়াজ আলীর ছেলে মো. বিপ্লব (৩০) ও লক্ষ্মীপুরের রামগঞ্জের শ্যামপুরের ইমাম হোসেনের ছেলে মো.সাগর (১৯)।
পরিদর্শক শহীদুর বলেন, “একদল ছিনতাইকারীর অবস্থানের গোপনে খবরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে তিনটি চাইনিজ চাকু, একটি কিরিচ ও একটি দা উদ্ধার করা হয়।”
এই চক্রটি দীর্ঘদিন ধরে টঙ্গী ও তার আশপাশ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছিনতাই করে আসছিল বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
