২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গুলি করে চার ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকায় সন্দেহভাজন একদল ছিনতাইকারী এক এসআইকে ‘ছুরি মেরে পালানোর সময়’ গুলি করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 12:09 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক বলছেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর তিলারগাতি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- জামালপুরের ইসলামপুর থানার ফুলকার চর এলাকার মমিজ উদ্দিন (২৩), গাজীপুর মহানগরের বাসন থানার পালেরপাড়া এলাকার মোশারেফ হোসেন (৩৫), জামালপুরের মাদারগঞ্জ থানার কটাপুর বাজার এলাকার আখলেছ (২০) ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার গোপালপুর এলাকার ইমরান (২২)।

তাদের মধ্যে মমিজ ও মোশারেফকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি এমদাদুল হক বলেন, ‘ছিনতাইকারীদের’ ওই দলটি ঢাকার আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় ‘ছিনতাই করে পালানোর সময়’ তিলারগাতি রোডে টহল পুলিশ তাদের থামায়।

“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছিনতাইকারীরা এসআই হাসানের হাতে ছুরি মেরে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ গুলি করে চার ছিনতাইকারীকে দুটি ছোরাসহ আটক করে।”

ধস্তাধস্তির সময় রাজ্জাক ও রফিক নামে পুলিশের দুই কনস্টেবলও আহত  হন জানিয়ে ওসি বলেন, তাদের আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।