বিবদমান দুপক্ষের ইজতেমা ময়দানে প্রবেশে নিষেধাজ্ঞা
টঙ্গীর বিশ্ব ইজতেমা শেষে ময়দান থেকে মালপত্র ও সরঞ্জামাদি অপসারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিবদমান দুপক্ষের ইজতেমা ময়দানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বুধবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
সাদ পন্থি তাবলীগ জমাতের মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর এবারের বিশ্ব ইজতেমার মাঠে প্যান্ডেল ও মাইক টানানোসহ আনুষঙ্গিক প্রস্তুতির কাজ করেন জোবায়ের অনুসারীরা।
তিনি বলেন, পরে একই আয়োজনে টঙ্গীর ইজতেমা ময়দানে ১৪-১৬ ফেব্রুয়ারি জোবায়ের পন্থি এবং ১৭-১৯ সাদ কান্ধলভির অনুসারীরা ইজতেমা সম্পন্ন করেন। পরে ইজতেমার নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় প্রশাসনের হাতে।
পরবর্তীতে মাঠের বিভিন্ন মালপত্র গুদামজাত করা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসন কল্পে ইজতেমা শেষ হওয়ার একদিন পর (২০ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে জানান ওয়াসিফুল ইসলাম।
তিনি বলেন, সমঝোতা অনুযায়ী প্রথম চারদিন জোবায়ের অনুসারীরা ময়দানে লাগানো মাইক খুলবেন এবং পরের চারদিন সাদ কান্ধলভির অনুসারীরা প্যান্ডেল খুলে টঙ্গীর ইজতেমা ময়দানের নির্ধারিত গুদামে সংরক্ষণ করবেন।
“সেইমতো প্রথম চারদিন জোবায়ের অনুসারীরা মাইক খুলে মাঠ ত্যাগ করেন। কিন্তু বুধবার সাদ অনুসারীরা প্যান্ডেল খোলা শুরুর আগেই মঙ্গলবার মধ্যরাতে পুলিশ তাদের মাঠে যেতে নিষেধ করে।”
তারপরও অনেকে ওই খবর না জেনে বুধবার সকালে ইজতেমা ময়দানে প্যান্ডেল খুলতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে ওয়াসিফুল ইসলাম জানান।
এ ব্যাপারে জোবায়ের পন্থি মুরুব্বী মেজবাহ উদ্দিন বলেন, ময়দানের ভেতরে মাদ্রাসা ছাত্র ও কয়েকটি মসজিদ রয়েছে। সেখানে কোমলমতি ছাত্রও রয়েছে। সেখানে সাদ পন্থিরা ঢুকলে আবার গত ১ ডিসেম্বরের মতো ঘটনা ঘটাতে পারে।
এজন্য মঙ্গলবার তাদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
তবে সমঝোতার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল কিনা তা কারও কাছ থেকে জানা যায়নি।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ১৯ ফেব্রুয়ারি এবারের বিশ্ব ইজতেমা শেষ হয়। এরপর ময়দানের মালামাল অপসারনে জোবায়ের পক্ষের মুসল্লিরা মাঠ গুছানো কাজ করে চলে যায় মঙ্গলবার।
“পরে বুধবার অন্য পক্ষের লোকজন কাজ শুরু করতে যায়; কিন্তু মালপত্র অপসারণ নিয়ে আইশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাদের কাউকে ময়দানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।”
এমতাবস্থায় ইজতেমা ময়দান আবার প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আবার উভয় পক্ষ একমত হলে তাদের কাছে তা বুঝিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া বলেন, জোবায়ের পন্থি তাবলীগ মুরুব্বীদের পক্ষ থেকে আবেদন করে জানানো হয় যে সাদ পন্থিরা ময়দানে ঢুকলে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। এজন্য তারা সাদ পন্থিদের মাঠে ঢুকতে দেবেন না।
“এ অবস্থায় বুধবার ভোর থেকে উভয়পক্ষের কেউ যাতে মাঠে প্রবেশ করতে না পারে, সভা-সমাবেশ করতে কিংবা জমায়েত হতে না পারে তার জন্য মেট্রোপলিটন পুলিশ নিষেধাজ্ঞা দিয়ে ফটকে নোটিশ টানিয়ে দেয়।”
ইজতেমা ময়দান এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
