‘ওয়েবসাইট হ্যাকার গ্রুপের’ ২ সদস্য গ্রেপ্তার
বগুড়া সাইবার ক্রাইম পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে, যাদের ওয়েবসাইট হ্যাকারকারী বলা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ ও শুক্রবার ভোরে চাঁদপুরে এ অভিযান চালানো হয় বলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুইঞ জানিয়েছেন।
শনিবার নিজ কার্যালয়ে এসপি আশরাফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
গ্রেপ্তাররা হলেন বশির উল্লা সরদার (২১) ও আজাহার উদ্দিন আবির (১৯)। আজাহার উদ্দিন আবির চাঁদপুরের নলুয়া এলাকার কাজী নিজাম উদ্দিনের ছেলে।
এসপি আলী আশরাফ ভুইঞা বলেন, বগুড়া সাইবার পুলিশ গত ২/৩ মাস ধরে ’ব্ল্যাক ওয়েব’ ও ‘ফবীমক্সর’ নামে ওয়েবসাইট হ্যাকারকারী দুটি গ্রুপের সদস্যদের নজরদারিতে রাখছিল।
“এর ধারাবাহিকতায় ২১ ফ্রেবুয়ারি রাতে গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়ায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে প্রথমে বশির উল্লা সরদারকে গ্রেপ্তার করা হয়। বশিরের দেওয়া তথ্যমতে চাঁদপুরে অভিযান চালিয়ে আরেক গ্রুপের সদস্য আবিরকে গ্রেপ্তার করা হয়।”
এ সময় সাইটের হ্যাকারের কম্পিউটার, সিপিইউ, মোবাইলসহ নানা যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে বলেও এসপি জানান।
তিনি বলেন, এই দুটি গ্রুপের সদস্য ৫/৬ জন। এরা এ পর্যন্ত বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, লালমনিরহাট সরকারি গার্লস স্কুলসহ ২১টি প্রতিষ্ঠানের সাইট হ্যাক করেছে।
“এসব কিছু ৩৬ গিগাবাইটের একটি ফাইলে পাওয়া গেছে। এছাড়া ‘ব্ল্যাক ওয়েব’ গ্রুপে ৩৬৮৯টি ওয়েবসাইট হ্যাকের পেজ ডিফেস পাওয়া গেছে।”
এসপি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধ তথ্য প্রযুক্তি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আাদালতে হাজির করে ৪/৫ দিনের রিমান্ড চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
