কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ আটক ৪
কক্সবাজার এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে এক লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব।
র্যাব ১৫-এর এএসপি মো. মাশকুর রহমান জানান, শুক্রবার বিকালে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মো. ছলিমুল্লাহর ছেলে এনায়েত উল্লাহ (২৫), বালুখালী এলাকার মোহাম্মদ ইয়াছিনের ছেলে আব্দুল হামিদ (২২), রশিদ সালামের ছেলে মোহাম্মদ করিমুল্লাহ (২৬) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নূর আহমদের ছেলে মোহাম্মদ রশিদুল্লাহ (২৪)।
র্যাব কর্মকর্তা মাশকুর বলেন, সংঘবদ্ধ একটি চক্র মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে সাগরপথে ইয়াবার বড় চালান নিয়ে আসছে বলে খবর পেয়ে র্যাব অভিযানে নামে।
“মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক দেখতে পেয়ে নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া দিয়ে আটকাতে সক্ষম হয়। ট্রলারের মাছ রাখার প্রকোষ্ঠে লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রলারে থাকা চারজনকে।”
ট্রলারটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আটককৃতরা সংঘবদ্ধ ইয়াবা পাচার চক্রের সদস্য। তারা সাগরপথে দীর্ঘদিন মাছ ধরার আড়ালে ইয়াবা পাচার করে আসছিল।”
আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে তিনি বলেন, “মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি পাচারকারীরা প্রথমে টেকনাফ সমুদ্রসৈকতে খালাশের চেষ্টা করে ব্যর্থ হয়।
“পরে তারা চালানটি নিয়ে কক্সবাজারের দিকে চলে আসে। এর আগেও তারা বেশ কয়েকটি চালান টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে খালাশ করেছিল।”
তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মাশকুর রহমান।
