২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় নিহত ইকবালের ফেনীর বাড়িতে শোকের মাতম

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সে গুলিতে নিহত বাংলাদেশি দোকানি ইকবাল হোসেন ফেনীর বাড়িতে চলছে শোকের মাতম।

নাজমুল হক শামীম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2019, 10:55 AM

Updated : 08 Apr 2022, 03:50 PM

নিহত ইকবাল হোসেন (৩০) দাগনভূঞার পৌর শহরের আমান উল্যাহপুর গ্রামের শাফি কোম্পানি বাড়ির মফিজুর রহমানের ছেলে।

পরিবারের বড় ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল হলে পড়েছেন ইকবালের বাবা-মা। ইকবালের স্ত্রী নাসরীন আক্তারের কান্না থামছেই না।

তার মরদেহ দ্রুত দেশে আনতে পরিবারটি সরকারের সহযোগিতা চেয়েছে বলে দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান জানিয়েছেন।

মফিজুর রহমান জানান, তার চার ছেলে ও এক মেয়ের মধ্যে ইকবাল ছিলেন সবার বড়। জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি।

ছোট ভাই ইমরান হোসেন সুমনকেও পরে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান ইকবাল। সুমনই বুধবার ফোন করে বাড়িতে বড় ভাইয়ের মৃত্যুর খবর দেয় বলে জানান তাদের বাবা।

ফ্রি স্টেট প্রভিন্সের ব্লুমফনটেইন শহরের বোচাবিলু এলাকায় একটি মুদি দোকান চালাতেন ইকবাল। মঙ্গলবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা ওই দোকানে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। ইকবাল বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ইকবালের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পরে ছোট ভাই সুমন মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন এবং দেশে সেই খবর দেন।

দক্ষিণ আফ্রিকা সরকারের হিসাবে সেখানে বসবাসরত বিদেশি নাগরিকের সংখ্যা ২০ লাখের বেশি । তাদের মধ্যে প্রায় পৌনে এক লাখ বাংলাদেশি রয়েছেন।

তাদের অধিকাংশই মুদি দোকান, মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক্সের দোকান চালান। কেউ কেউ রেস্তোরাঁ ব্যবসার সঙ্গেও জড়িত ।

তবে আফ্রিকার এই দেশটি প্রবাসীদের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে। প্রবাসীদের দোকানে ডাকাতি, চাঁদার দাবিতে অপহরণ বা হত্যা সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

কেবল ২০১৮ সালেই শতাধিক প্রবাসী সেখানে এ ধরনের ঘটনায় নিহত হয়েছেন, যাদের অনেকেই বাংলাদেশি।

আর গত এক মাসে গুলি ও ছুরিকাঘাতে ফেনীর চার যুবক সেখানে নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের বাড়ি দাগনভূইয়ায়।