২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়কে প্রাণ হারাল ৪ জন

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 10:07 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

মঙ্গলবার ও বুধবার শেরপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ ও নওগাঁয় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শেরপুর

শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে শহরের চকপাঠক এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি নজরুল ইসলাম।

নিহত আশিকুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আশিকুর পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে যাওয়ার পথে চকপাঠক এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

“এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

গাইবান্ধা

গাইবান্ধা সদরে মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেলের এক নারী নিহত হয়েছেন, ওই নারীর ছেলে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

বুধবার গাইবান্ধা-ধর্মপুর আঞ্চলিক মহাসড়কে মালিবাড়ি ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি খান মো. শাহারিয়ার।

শাহরিয়ার বলেন, লুচি বেগমের চাচা শ্বশুর আবুল কাশেম চকলাদার বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান। খবর শুনে গাইবান্ধা শহরের ভাড়া বাসা থেকে লুচি বেগম বুধবার বেলা ১১টার দিকে ছেলে রিমনের মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন।

“পথে বিপরীতমুখী এক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মা ও ছেলে দুইজনেই ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলে লুচি বেগম মারা যান।”

নিহত লুচি বেগম জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি গ্রামের লিটন মহুরীর স্ত্রী।

আহত রিমন মিয়াকে (২০) গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের হরিদাসপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মনিরুল ইসলাম।

নিহত আবির হোসেন সিকদার (৭) হরিদাসপুর আদর্শপাড়া গ্রামের কালা সিকদারের ছেলে ও হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

ওসি মনিরুল ইসলাম বলেন, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর মোটরসাইকেল চালক ও আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যায় বলে জানান তিনি।

নওগাঁ

নওগাঁর রাণীনগরে বালু বহনকারী এক ট্রাক্টরের চাপায় এর সহকারী নিহত হয়েছেন।

বুধবার উপজেলার বান্দাইখাড়া-নওগাঁ সড়কের ২ নম্বর স্লুইচ গেটে এই ঘটনা ঘটে বলে জানান রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, বুধবার দুপুরে বালু বহনকারী ট্রাক্টরটি রাণীনগর থেকে বান্দাইখাড়া যাওয়ার সময় বান্দাইখাড়া-নওগাঁ সড়কের ২ নম্বর স্লুইচ গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

“এ সময় ট্রাক্টর চালক লাফ দিয়ে বেঁচে গেলেও ট্রাক্টরের উপরে থাকা হেলপারসহ ট্রাক্টরটি পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলেই এর সহকারীর মৃত্যু হয়।”

নিহত গবরা মন্ডল (৭০) রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত তুমিজ মন্ডলের ছেলে। এ সময় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক তোরাব আলী (২৭) গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সিদ্দিকুর রহমান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।