২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাড়িতে আগুন দিয়ে বাদীকে হত্যাচেষ্টার অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় শিশুনির্যাতন মামলার এক বাদীকে বাড়িতে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 01:58 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

আহত বাদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পবা থানার ওসি রেজাউল হাসান বলেন, মঙ্গলবার গভীর রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রামে ইমরান আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ইমরান আলী বলেন, ২০১৫ সালে তার শিশুছেলেকে চুরির অপবাদ দিয়ে গ্রামের রাকিব, নাসির, ফজলুসহ ১৩ মিলে নির্যাতন করেন। তিনি তাদের বিরুদ্ধে পবা থানায় মামলা করেন। মামলাটি বিচারাধীন।

“মামলা তুলে নিতে আসামিরা আমাকে চাপ দিয়ে আসছে। বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছে। মামলা তুলে না নেওয়ায় তারাই রাত আড়াইটার দিকে আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে সবাইকে হত্যার চেষ্টা করে। আমরা প্রাণে বাঁচলেও পুড়ে গেছে পাঁচটি ছাগল ও ২৫টি হাঁস-মুরগি।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি রেজাউল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির মালিক ইমরান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।