চাঁদপুরে আ. লীগের সংঘর্ষ, আহত ৩০
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় সাবেক এক সাংসদের গাড়ি ভাংচুর করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় বিআরডিবি কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়েছে।
পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির জানান, ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি শান্ত করতে জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সভামঞ্চে ফরিদগঞ্জের সাবেক এমপি মোহাম্মদ শামছুল হক ভুইয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমানসহ দলের একপক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক পর্যায়ে উপজেলা সদরের সবুজ মার্কেটের সামনে থেকে সাবেক এমপি মোহাম্মদ শামছুল হক ভুইয়ার বিরুদ্ধে শ্লোগান তুলে আওয়ামী লীগের ক্ষুব্ধ আরেকটি পক্ষ সভামঞ্চে হামলা চালায়।
এ সময় ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। সাবেক এমপি মোহাম্মদ শামসুল হক ভূইয়ার গাড়ি ভাংচুর করা হয়।
আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বলেন, পুলিশ কারো ইন্ধনে বর্ধিত সভায় গুলি চালিয়েছে।
এ ব্যাপারে সাবেক এমপি মোহাম্মদ শামসুল হক ভূইয়া বলেন, যে ঘটনাটি ঘটেছে তা আওয়ামী লীগের জন্য লজ্জাজনক ব্যাপার।
