ঠাকুরগাঁওয়ে মাহেন্দ্র-পাওয়ার ট্রলির সংঘর্ষে নিহত ১
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাহেন্দ্র ও পাওয়ার ট্রলির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আকচা ইউনিয়নের ভবানিকালী মন্দিরের সামনে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই বাবুল ইসলাম জানান।
নিহত পাওয়ার ট্রলির চালক আনোয়ার হোসেন (২৭) ঢোলারহাট ইউনিয়নের বামনপাড়া গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা শহরের গোবিন্দনগর এলাকা থেকে ইটবোঝাই একটি মাহেন্দ্র আকচা ইউনিয়নের দিকে যাচ্ছিল।
“পথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলির চালক রাস্তায় পড়ে মাহেন্দ্রর ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।”
মাহেন্দ্রটি আটক করা হয়েছে বলে এসআই জানান।
