অসহায় নারীকে ঘর দিল ‘গোল্ডেন ড্রিম’
গাজীপুরে এক অসহায় বিধবা নারীকে টিন শেড ঘর নির্মাণ করে দিয়েছে একটি বেসরকারি সংস্থা।
গাজীপুর মহানগরের শিমুলতলীর চতর নয়াবাজার এলাকার বিধবা জাবেদা বেগমকে (৬৫) শনিবার ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।
গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম পরিচালিত ‘গোল্ডেন ড্রিম এসোসিয়েশন’ এ ঘর নির্মাণ করে। প্রায় সোয়া লাখ টাকা ব্যয়ে এ ঘর নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জাবেদা বেগম বলেন, প্রায় ২৫ বছর আগে তার ভূমিহীন স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর অভাবে সংসার চলছে। আওয়ামী লীগ সরকারের দেওয়া একখণ্ড জমিতে পাতা-চটের ঘর নির্মাণ করে তাতে একমাত্র মেয়েকে নিয়ে এতদিন বসবাস করেছেন।
বাড়ি বাড়ি কাজ-কর্ম করে লোকজনের কাছে অর্থ সাহায্য নিয়ে কয়েক বছর আগে মেয়েকে টাঙ্গাইলে বিয়ে দিয়ে দেন বলে তিনি বলেন।
এখন তিনি আবার একা হয়ে পড়েছেন। আগে তিনি এলাকায় পিঠা-শুটকিও বিক্রি করতেন। তিনি বয়সের ভারে আগের মতো আর কাজ-কর্ম করতে পারেন না। মানুষের কাছে চেয়ে দিনের খাবার যোগান বলে জানান।
তিনি বলেন, একটু বৃষ্টি হলেই বেড়ার ভাঙ্গা ঘরে পানি জমত, থাকা কষ্ট হতো। এখন নতুন ঘর পেয়ে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন।
যুবলীগ নেতা সাইফুল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার চেষ্টা করছি। আমরা ২০১৫ সালে গোল্ডেন ড্রিম এসোসিয়েশন নামের সংগঠনটি গড়ে তুলি। এর মাধ্যমে মহানগর এলাকার সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছি।”
এ নিয়ে মহানগর এলাকায় অসহায়দের বিনামূল্যে ৫৭টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘর নির্মাণ করা ছাড়াও এলাকার অসহায়দের চিকিৎসা সেবা ও নলকূপ স্থাপন করে দেওয়া হচ্ছে।
বৃক্ষরোপন কর্মসূচির আওতায় তারা এ যাবত ৩০ হাজার চারা রোপন করেছেন বলে জানান।
ওই সংগঠনের সদস্যদের সংগৃহীত চাঁদা থেকেই এসব কাজের অর্থের যোগান দেওয়া হয় বলে সাইফুল জানান।
মহানগর পুলিশ কমিশনার বেলালুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাও হতদরিদ্রদের জন্য গৃহনির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন। তার পাশাপাশি বেসরকারিভাবে এধরনের উদ্যোগ প্রশংসনীয়, অনুসরণীয় ও অনুকরণীয়।
