রফিতনের দাবি জেনিভা থেকে আসা খোদেজা তারই মেয়ে
সুইজারল্যান্ডের জেনিভায় বেড়ে ওঠা এক নারী চার দশক পর স্বজনদের খোঁজে বাংলাদেশে এসে ফিরে যাওয়ার পর কুড়িগ্রামের এক বৃদ্ধা তাকে নিজের সন্তান বলে দাবি করেছেন।
রফিতন বেওয়া নামে ৬৫ বছরের এই বৃদ্ধা কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের ছাত্তার আলীর স্ত্রী।
শুক্রবার সকালে রফিতন সাংবাদিকদের বলেন, “মোর বেটি কই? একনজর তাক মুই দেখিম। তোমরা একনা ব্যবস্থা করি দেও।”
এদিকে তিন দিন আগে বুধবার ফিরে গেছেন জেনিভা থেকে আসা খোদেজা রওফি নামে সেই নারী।
এছাড়া খোদেজার দেওয়া তথ্যের সঙ্গে রফিতনের তথ্যের অসংগতি রয়েছে।
রফিতন
“ঘরোত খাবার নাই। চারপাকোত মঙ্গা। খাবার দিবের পাং না। ছওয়াটা মোর হারি গেইল।”
তিনি বলেন, সে সময় তার ওই মেয়ের বয়স ছিল সাত-আট বছর। সে খাবাবের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে হারিয়ে যায়। এরপর অনেক খুঁজেও তাকে আর পাননি।
শুক্রবার তিনি এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন, হারিয়ে যাওয়া এক নারী কুড়িগ্রামে তার স্বজনদের খুঁজতে এসেছেন। সেই খবর পেয়ে তিনি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন মেয়ের খোঁজে। কিন্তু ছুটির দিন হওয়া জেলা প্রশাসকের কার্যালয় বন্ধ ছিল। এ সময় স্থানীয় সাংবাদিকদের নজরে আসেন তিনি।
রফিতনের মেয়ের হারিয়ে যাওয়ার বিষয়টি এলাকাবাসী অবগত রয়েছেন।
থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ বলেন, “আমরা এলাকাবাসী রফিতনের হারিয়ে যাওয়া মেয়ের কথা সবাই জানি। রফিতন তার হারিয়ে যাওয়া মেয়ের খোঁজে চট্টগ্রামেও গিয়েছিলেন। তবে জেনিভা থেকে আসা ওই নারী রফিতনের মেয়ে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।”
জেনিভা থেকে আসা খোদেজা রওফি ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের বলেছিলেন, “শেষ বয়সে এসে যদি আমার মা-বাবা বা আত্মীয়দের কাউকে খুঁজে পাই…জানি না পাব কিনা। তবে পেলে আমার থেকে বড় খুশি আর কেউ হবে না।”
সুইস দম্পতি খোদেজাকে মানুষ করেছেন ‘নিজেদের সন্তানের মতই’। কোনো কিছুর ঘাটতি তারা রাখেননি।
খোদেজা রওফি ও তার স্বামী
সত্তরের দশকের মাঝামাঝি উত্তর জনপদে যখন দুর্ভিক্ষ চলছে, ‘হারিয়ে যাওয়া’ শিশু খোদেজার ঠাঁই হয় এক এনজিওর লঙ্গরখানায়। তার চার বছর পর সুইস দম্পতি তাকে সেখান থেকে দত্তক নেয়। নতুন বাবা-মায়ের সঙ্গে ১৯৭৮ সালে জেনিভায় পাড়ি জমায় খোদেজা।
চার দশক পর স্বামীকে সঙ্গে নিয়ে দেশে ফেরা খোদেজার হাতে সূত্র বলতে কেবল নিজের ছোট্টবেলার একটি সাদাকালো ছবি, যেটা তোলা হয়েছিল তার দেশ ছাড়ার আগে। কুড়িগ্রামের বাবা-মায়ের নাম-পরিচয় তার জানা নেই। সেই সময়ের স্মৃতিও ঝাপসা হয়ে গেছে।
তবু তিনি স্বামীকে সঙ্গে নিয়ে এক সপ্তাহ ধরে জন্মভূমির পথে পথে শেকড়ের সন্ধান করেন। পরে নিরাশ হয়ে ফিরে যান গত বুধবার।
হারানো স্বজনকে খোঁজার এই অভিযাত্রায় খোদেজাদের সঙ্গী হয়েছিলেন বাংলাদেশে জেনিভাভিত্তিক এনজিও এনফ্যান্টস ডু মনডের কান্ট্রি কো-অর্ডিনেটর রাকিব আহসান এবং জেনিভা বাংলা পাঠশালার পরিচালক ও সুইস বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রিয়াজুল হক।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ভিক্ষের মধ্যে ১৯৭৪ সালে উলিপুর উপজেলার থেতরাই বাজারে ‘সাড়ে তিন বছর’ বয়সী খোদেজাকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন এক ব্যক্তি। পরিবারের কাউকে আশপাশে না পেয়ে তিনি খোদেজাকে চিলমারী উপজেলায় টেরে দেস হোমস নামের একটি এনজিও পরিচালিত লঙ্গরখানায় নিয়ে যান।
খোদেজা সেখানে ছিলেন ১৯৭৮ সাল পর্যন্ত। তারপর পালক বাবা-মায়ের সঙ্গে তিনি সুইজারল্যান্ডে চলে যান। জেনিভায় পড়ালেখা শেষ করে ২০০১ সালে শিক্ষকতা শুরু করেন একটি স্কুলে।
পরে সুইস নাগরিক জিইয়াস মরিনোকে বিয়ে করেন খোদেজা। মরিনো পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে তাদের।
খোদেজার সফরসঙ্গী রাকিব আহসান বলেন, এনফ্যান্টস ডু মনডের বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে তারা খোদেজার মা-বাবা অথবা স্বজনদের কারও খোঁজ বের করা চেষ্টা করেন। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেননি।
“কেউ যদি খোদেজার সঙ্গে আত্মীয়তার দাবি নিয়ে সামনে আসেন, তাহলে আমরা ডিএনএ টেস্ট করিয়ে নিশ্চিত হতে পারব। আমরা চাই না খোদেজা কোনো প্রতারণার শিকার হোক।”
জেনিভা বাংলা পাঠশালার পরিচালক রিয়াজুল হক জানান, খোদেজার সঙ্গে তার পাঠশালাতেই পরিচয়। আলাপচারিতায় খোদেজা তার শৈশবের কথা, মা-বাবাকে খোঁজার কথা বললে তিনিও দেশে আসতে আগ্রহী হন।
“কিন্তু বিষয়টি খুবই জটিল। কোনো ডকুমেন্টস আমাদের হাতে নেই। তারপরও চেষ্টা করছি, যদি কোনো মিরাকল হয়।”
স্থানীয় এনজিও কর্মী নুরুল হাবীব পাভেল বলেন, সত্তরের দশকের ওই সময় কুড়িগ্রামে খুব দুর্ভিক্ষ ছিল। মানুষকে বাঁচাতে চিলামারীর নুরন্নবী চৌধুরী, দেলোয়ার মাস্টার, ছমচ হাজীসহ কয়েকজন লঙ্গরখানা খোলেন। পরে সুইজারল্যান্ডের এনজিও টেরে দেস হোমস (টিডিএইচ) আরেকটি লঙ্গরখানা খোলে।
“টিডিএইচ তখন ১২০০ শিশুর দায়িত্ব নিয়েছিল, প্রতি ৫০ জন শিশুকে দেখার জন্য একজন করে টিম লিডার ছিলেন। খোদেজার টিম লিডার ছিলেন আনিছুর নামের একজন। তিনি খোদেজার ছোটবেলার সেই ছবিটি দেখে চিনতে পেরেছেন। কিন্তু তার মা-বাবার বিষয়ে কিছুই বলতে পারেনি।
পাভেল বলেন, “আমার জানামতে ১৯৭৮সালে ৩৬জন এতিম শিশুকে দত্তক নিয়েছিল বিদেশিরা। পিপিজ ও কুরানী নামে খোদেজার সমবয়সী আরও দুটি শিশু তখন বিদেশে গিয়েছিল। যাদের বাবা-মা মারা গেছে, কেবল তাদেরই টিডিএইচ সে সময় বিদেশিদের কাছে দত্তক দিয়েছিল। আর যাদের বাবা- মা ছিল, তাদের স্বাবলম্বী করে দেওয়া হয়েছে।”
খোদেজাকে রাস্তা থেকে নিয়ে আসায় তার বাবা-মা সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারছেন না বলে জানান পাভেল।
