২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে রেল যোগাযোগ হবে: রেলমন্ত্রী

মিয়ানমারের মধ্য দিয়ে এদেশের সঙ্গে চীনের রেল যোগাযোগ স্থাপনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 08:31 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বুধবার পঞ্চগড় এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার রেলওয়ে যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

তাই জনগণের চাওয়ার আগেই নানা পরিকল্পনা ও পরিকল্পনার বাস্তবায়নে সরকার উদ্যোগী হয়েছে, বলেন মন্ত্রী।

তিনি বলেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা ও চিলাহাটি থেকে হলদিবাড়ী হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগের কাজ অচিরেই শুরু হবে। দেশে হাইস্পিড ট্রেন চলাচলের কাজও শুরু হয়ে গেছে।

“ভবিষ্যতে মিয়ানমার হয়ে চীনের সাথেও রেল যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

রেলমন্ত্রী সুজন বলেন, গোটা দেশ রেল যোগাযোগের আওতায় আসবে। এজন্য প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ স্থাপিত হবে।

“একই সঙ্গে উত্তরবঙ্গের জন্য আলাদা রেলব্রিজ নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে।”

দেশের পরাজিত শক্তিকে কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, “যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে তাদের আবার কিসের অধিকার? কিসের গনতন্ত্র? বিশ্বের কোনো দেশেই স্বাধীনতার  বিরোধিতাকারীদের কোনো অধিকার থাকে না।”

দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ডিভিশনাল রিজিওনাল ম্যানেজার (ডিআরএম) মিজানুর রহমান, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউস সুন্নাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিকালে মন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন।

পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন মঙ্গলবার রাতে নিজ জেলা পঞ্চগড় সফরে আসেন। আগামী শুক্রবার পর্যন্ত তিনি স্থানীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার সকালে নীলফামারী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ওইদিনই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।