২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের হাওয়া লেগেছে রংপুরে

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে রংপুরে বইতে শুরু করেছে উপজেলা নির্বাচনের হাওয়া।

আফতাবুজ্জামান হিরু

রংপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2019, 03:26 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

মার্চে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভোট হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

রংপর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, গ্রামে-গঞ্জে, হাটে-বাবজারে, শহরে-বন্দরে সবখানেই চলছে নির্বাচনী আলাপ। সম্ভাব্য প্রার্থীরা নেমেছেন জনসংযোগে।

আর ভোটাররা আলোচনা করছেন তাদের দাবি-দাওয়া নিয়ে।

সদর উপজেলার পানবাজার হাটের ভোটার মোস্তাফিজ (৩৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানুষ চায় উন্নয়ন। যার মাধ্যমে উন্নযন হবে বলে মনে হয় ভোট তাকেই দেব।”

উন্নয়নের পাশাপাশি মাদক সমস্যার সমাধান প্রভৃতি নানা বিষয়ে গুরুত্ব দিচ্ছে এবারের ভোটাররা।

কাউনিয়া উপজেলার থানাপাড়ার তরুণ ভোটার রোকসানা আক্তার (১৮) বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে যার ভূমিকা আছে তাকেই আমরা নতুনরা ভোট দিতে চাই।”

নদীবেষ্টিত উপজেলা গঙ্গাচড়ার ভোটাররা চান নদী ভাঙন থেকে রক্ষা পেতে।

গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মৌলভিপাড়া এলাকার ইকবাল সুমন (৩২) বলেন, “এই উপজেলা নদীবেষ্টিত। নদী ভাঙ্গনের হাত থেকে কাজ করবেন এমন ব্যক্তিকে ভোট দেব। এ উপজেলার অন্য ভোটাররাও এমন ব্যক্তিকে ভোট দেবেন বলে আমার মনে হচ্ছে।”

একইভাবে দুর্নীতি রুখে, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে ভোট দেবেন বলে জানিয়েছেন অনেকে।

আর সম্ভাব্য প্রার্থীরা এখন দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করে ব্যস্ত সময় পার করছেন।

তাছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর রয়েছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কোথাও কোথাও ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন অনেকে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশও নিচ্ছেন তারা।

রংপুরের আট উপজেলা থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি, ওয়াকার্স পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্রভাবে প্রায় ৮০ জন মাঠে রয়েছেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন :

সদর উপজেলায় আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির বকসী, চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান।

জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ হারুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী শফি কামাল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, সদর উপজেলা সিনিয়র সভাপতি রুহুল আমিন লিটন, মমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনা ও জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা রমজান আলীর নাম শোনা যাচ্ছে।

গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, বিএনপি থেকে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু ও সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন এবং জাতীয় পার্টি থেকে মতিয়ার রহমানের নাম শোনা যাচ্ছে।
বদরগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, বিএনপি থেকে সাখাওয়াত হোসেন শাহান, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, নারী নেত্রী আফরোজা বেগম।

তারাগঞ্জ উপজেলা থেকে বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, কুমারেশ রায়, মাওলানা আশরাফ আলীর নাম শোনা যাচ্ছে।
কাউনিয়া উপজেলা থেকে আওয়ামী লীগের উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাহফুজার রহমান মিঠু, হারাগাছ পৌর বিএনপি সভাপতি মোনায়েম হোসেন ফারুক, কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি গোবিন্দ দাস, ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম হক আকরামের নাম শোনা যাচ্ছে। এখানে জাতীয় পার্টি থেকে এখনও কারও নাম শোনা যায়নি।
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিলন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, জাতীয় পার্টি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছেন।
মিঠাপুকুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ খান, জাতীয় পার্টি থেকে আব্দুল হালিম মণ্ডল, বাবর আলী, মেজবাহুল ইসলাম মিলন, শিল্পপতি আখতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও শাহ হাফিজুর রহমানসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

পীরগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাবেক ভাইস চেয়ারম্যান সফিউর রহমান মন্ডল মিলন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর নাম শোনা যাচ্ছে।