২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি বিএনপির কার্যালয় এখন খাবার হোটেল

‘অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে’ ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় থেকে তাদের সাইনবোর্ড খুলে খাবার হোটেলের সাইনবোর্ড লাগিয়েছে মালিকপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2019, 01:53 PM

Updated : 08 Apr 2022, 03:42 PM

শুক্রবার জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে ওই কার্যালয়ে ‘আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে সাইবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। বের করে দেওয়া হয় তাদের মালপত্র।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়াকে গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়া ও দলের কার্যক্রম পরিচালনায় মতবিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন।

তবে কিবরিয়া বলেন, কার্যালয় ঘরটির মালিক তার এক নিকটাত্মীয়। কয়েক বছর আগেই মালিক তাকে ঘর ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছেন।

“কার্যালয়ের পক্ষে ঘরমালিকের সঙ্গে চুক্তি করেছিলাম আমি। আমি সব নেতাকে বারবার তাগাদা দিলেও কোনো সুরাহা হয়নি। নির্বাচনের পর চূড়ান্তভাবে অনুরোধ করেছি।”

তার পরও কেন নতুন কার্যালয় নেওয়া হয়নি সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পর্কে তিনি বলেন, “কোনো দ্বন্দ্ব নেই। আমি দলীয় মনোনয়ন চেয়ে আসছি ২০১৪ সালের নির্বাচনের আগ থেকে। জেলা বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছি। তবে আমি সম্প্রতি ঋণখেলাপি হওয়ায় শেষ পর্যন্ত মহাসচিবকে জানিয়ে সরে এসেছি। মনোনয়ন চাওয়ার বিষয় বা অন্য কোনো দ্বন্দ্ব নেই।

“নোটিশের পরও দীর্ঘদিন ঘর ছেড়ে না দেওয়ায় পারিবারিকভাবেও আমি অনেক ঝামেলায় ছিলাম। মালিকপক্ষ তাদের ঘরে এখন হোটেল ব্যবসা করতে চাইলে ঘর ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কী উপায় থাকে?”

ওই ঘরে বছর দশেক আগে বিএনপি কার্যালয় স্থাপনের আগেও মালিকপক্ষ হোটেল ব্যবসা করতেন জানিয়ে তিনি বলেন, সম্প্রতি মালিকের ছোট ছেলে জহির হোসেন বিদেশ থেকে ফিরে এসে আবার হোটেল ব্যবসা শুরু করতে চান।

কার্যালয়ের মালপত্র বের করে দেওয়া হলে সেখানে বিএনপির অন্য কোনো নেতা না থাকায় কিবরিয়া তার নিজের হেফাজতে নিয়ে রেখেছেন বলে জানান।

তিনি বলেন, নতুন কার্যালয় নেওয়া হলে মালপত্র সেখানে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া মালিকপক্ষের সঙ্গে ভাড়ার চুক্তি করেছিলেন।

“কার্যালয়টি এখানে আরও কিছুদিন রাখার জন্য তার কাছে অনুরোধ করা হয়েছিল।”

তারপর কেন রাখা হল না বা নতুন কার্যালয় কেন নেওয়া হয়নি সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুবিন বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে রয়েছেন। তার মুক্তির পর নতুন কার্যালয় নেওয়া হবে।