শরীয়তপুর-চাঁদপুর ২৬ কিলোমিটার সড়কে সংস্কারের ভোগান্তি
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ২৬ কিলোমিটার অংশের উন্নয়ন কাজ বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ না হওয়ায় খোঁড়াখঁড়ি আর ধুলোবালির যন্ত্রণায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো.রমজান আলী জানান, জেলার সদর উপজেলার মনোহর বাজার থেকে সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাট সড়কে এ উন্নয়নের কাজ চলছে।
সড়ক ও জনপথ বিভাগ বলছে, গত বছরের ১৮ মার্চ শুরু হয়ে জুনে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে সংস্কার কাজ শেষ হয়নি; সময় বাড়ানোর পরেও মেলেনি সমাধান। ফলে সড়টির অবস্থা বেহাল হয়ে পড়েছে।
আর ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে, ঈদ ও নির্বাচনের কারণে শ্রমিক সংকট থাকায় অগ্রগতি কম হয়েছে।
সরেজমিনে দেখা গেছে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার পণ্য ও যাত্রীবাহী যান চলাচলকারী এ গুরুত্বপূর্ন সড়কটি খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা ।
প্রকৌশলী রমজান আলী বলেন, গত এপ্রিল মাস থেকে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত এ সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল। গত সপ্তাহ থেকে মৌসুমে কিছু যান চলাচল শুরু করলেও ধুলোবালির কারণে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
দুইটি প্রকল্পের মাধ্যমে এ সড়কের উন্নয়ন কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে মনোহর বাজার থেকে নারায়ণপুর পর্যন্ত ১৫ কিলোমিটার কাজের জন্য ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়।
“এ কাজে ‘ত্রিপুরা জেভি ও র্যাব আরসি’ এবং মাদারীপুরের ‘মের্সাস সরদার এন্টারপ্রাইজ’ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠাকে গত ১৮ মার্চ কার্যাদেশ দেওয়া হয়।কিন্তু তারা ২৮ সেপ্টেম্বর কাজ শুরু করে; কাজ শেষ হওয়ার কথা ছিল ৫ ডিসেম্বর।
“একই সময়ে নারায়ণপুর থেকে নরসিংহপুর পর্যন্ত ১২ কিলোমিটার কাজের জন্য একজন ঠিকাদার নিযুক্ত করা হলেও পরে তারা কাজ করতে আগ্রহ না হওয়ায় নতুন করে দরপত্র আহ্বান করা হয়। পরে ‘ইউনুস অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২৮ অগাস্ট কার্যাদেশ দেওয়া হয়। এ নয় কিলোমিটার অংশের ব্যয় ১৫ কোটি টাকা ধরা হয়েছে।”
রমজান বলেন, এ সময়ের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। পরে তারা সময় বাড়ানোর জন্য আবেদন করলে সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২ মাস দশ দিন সময় বাড়িয়ে দেওয়া হয়।
“বাড়তি সময় অনুযায়ী গত ৫ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলে ও এ কাজের ধীর গতির কারণে সময় সীমার মধ্যে কাজ শেষ করতে পারেনি।”
তবে এখন পুরোদমে কাজ শুরু হয়েছে জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের এ প্রকৌশলী বলেন, চলতি মাসের মধ্যে মনোহরবাজার- নারায়ণপুর অংশের কাজ এবং বাকি অংশের কাজ মার্চ মাসের মধ্যে শেষ হবে বলে তারা আশা করছেন।
এদিকে সড়কের কাজের ধীরগতির কারণে ভোগান্তির পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যাহারের অভিযোগ তুলেছে স্থানীয়রা।
নারায়ণপুর এলাকার মোস্তাফা কামাল বলেন, “শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের কাজের গতি খুবই ধীর। অনেক আগেই সময় পার হয়ে গেছে। যেটুক কাজ করেছে তাতেও নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে। এরপরও সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও কাজ শেষ হয়নি। কাজের মানও ভাল নয়।”
খুলনা থেকে চট্টগ্রামগামী ট্রাক চালক আলী আহম্মদ কাজী বলেন, “দীর্ঘ পাঁচ বছর ধরে এ রাস্তাটির বেহাল দশা। এ রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল করা খুবই কষ্টকর। দক্ষিণাঞ্চলের লোকজন এ রাস্তায় চলাচল করে থাকি। রাস্তার কাজের ধীরগতির কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারায়ণপুর থেকে আলুরবাজার পর্যন্ত রাস্তার খানাখন্দকের কারণে গাড়ি নিয়ে যাতায়ত করা কঠিন।”
কাজের ধীরগতির কারণ জানতে চাইলে সরদার এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সিরাজ সরদার বলেন, “দুটো ঈদ ও নির্বাচনের কারণে কাজের শ্রমিক পাওয়া যায়নি। এ কারণে কাজের অগ্রগতি ছিল কম।আমরা নিয়ম মাফিক মালামাল দিয়েই কাজ করছি।”
