বগুড়ায় গুজব ছড়ানোর অভিযোগে যুবদল নেতার ভাই গ্রেপ্তার
ফেইসবুকে সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবদল নেতার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার মেজর সরকার আসিফ মাহমুদ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোর পৌনে ৪টার দিকে শহরের নারুলী মধ্যপাড়ার বাড়ি থেকে আবু রায়হান আল বিরুনী পুস্কিনকে (৩৬) তারা গ্রেপ্তার করেন।
পুস্কিন বগুড়া শহরের নারুলী মধ্যপাড়ার সাদেক আলী আহম্মেদের ছেলে এবং শহর যুবদলের জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির ছোট ভাই।
এ ঘটনায় পুস্কিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাব। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুস্কিন দীর্ঘদিন ধরে ফেইসবুকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গুজব ছড়াতে ভিত্তিহীন স্ট্যাটাস দিয়ে আসছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুস্কিন যুবদলের কর্মী ও বালু ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। তবে র্যাব পুস্কিনের রাজনৈতিক তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে পুস্কিনের সঙ্গে রাজনৈতিক দলের সম্পৃক্তার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা গোর্কি বলেন, তার ছোট ভাইকে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়ে বলে শুনেছেন। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।
