কেরাণীগঞ্জে আ. লীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিককে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি সাকের মোহাম্মদ যুবায়ের জানান, আবু সিদ্দিকের ছেলে সাব্বির বাদী হয়ে শনিবার রাত ১১টার দিকে মামলাটি দায়ের করেন।
মামলার ১৫ জনকে আসামি করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিকের (৫৫) বাড়ি কেরাণীগঞ্জ উপজেলার জয়নগর এলাকায়।
কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকার মধু সিটি আবাসন প্রকল্পের নতুন ভবনের সামনের শনিবার বিকালে
পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে বলে ওসি যুবায়ের জানান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আঁটিবাজার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে ওসি জানান।
