নারায়ণগঞ্জে গৃহবধূ খুন, স্বামী ‘পলাতক’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর থেকে ‘পলাতক’ রয়েছেন তার স্বামী।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে গোদনাইলের দক্ষিণ ধনকুণ্ড এলাকার তালাবদ্ধ বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য মর্গে পাঠায়।
নিহত মুক্তা আক্তার (২৬) কুমিল্লার জাহাপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। গোদনাইল এলাকায় প্রোগ্রেস অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিক তিনি।
ওসি শাহীন বলেন, “ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী কাউসার আহম্মেদ (৩১) তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।”
এ ঘটনায় নিহতের মা জোছনা বেগম বাদী হয়ে পলাতক জামাতা কাউসার আহম্মেদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
