২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইঞ্জিনের ঝাঁকিতে’ নৌকা থেকে পড়ে যাত্রীর মৃত্যু

গাজীপুরে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ‘ইঞ্জিনের ঝাঁকিতে’ নৌকা থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 09:18 PM

Updated : 08 Apr 2022, 07:32 PM

কাপাসিয়া থানার এসআই বছির উদ্দিন জানান, বুধবার বেলা দেড়টার দিকে দরদরিয়া খেয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।

পরে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করে।

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

এসআই বছির প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, ওই ব্যক্তি দরদরিয়া খেয়াঘাট থেকে শ্রীপুরের গোসিঙ্গা ঘাটে যাওয়ার জন্য অন্যদের সঙ্গে নৌকায় ওঠেন।

“ইঞ্জিন চালু করার সময় ঝাঁকুনিতে তিনি নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান। পরে ডুবুরিদের খবর দেওয়া হয়। ডুবুরিরা বিকাল সোয়া ৫টার দিকে লাশ উদ্ধার করে। এখনও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।”

ঘটনাস্থল থেকে প্রায় ২০ফুট দূরে ৪০ ফুট পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ইব্রাহিম আকন্দ।