সিরাজগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ধানগড়া বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ হামালা চালানো হয় বলে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.শামছুল জানান।
হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন অভিযোগ করে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন শামছুল। তবে অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।
শামছুল বলেন, “উপজেলা রির্টার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ থানার ওসি পঞ্চানন্দ সরকারের অনুমতি নিয়ে সকালে ধানগড়া বিএনপি কার্যালয়ের সামনে মান্নান তালুকদারের নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। পথসভা শেষে মান্নান তালুকদার ধানগড়া বাজারে গণসংযোগ শুরু করেন।
“এ সময় আওয়ামী লীগ প্রার্থী আবদুল আজীজের লোকজন গিয়ে অতর্কিত হামলা চালিয়ে বিএনপি-নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।পরে বিএনপির দলীয় কার্যালয়ে বেশ কয়েকটি বেঞ্চ, চেয়ার ও একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।”
এ সময় ঘুড়কা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব আলী, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদল কর্মী সাদী, হৃদয়, মোকাদ্দেস ও হীরাসহ দশ জন আহত হন বলে জানান শামছুল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ পাল্টা অভিযোগে বলেন, বিএনপির নেতাকর্মীরা লাঠির সঙ্গে ধানের শীষ লাগিয়ে আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ সময় হামলাকারীরা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলামিন চারজনকে পিটিয়ে আহত করা হয় বলে দাবি করেন তিনি।
ওসি পঞ্চানন্দ বলেন, বিএনপি পথসভা করে ফেরার আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে তারা শুনছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিছু দেখা যায়নি।
