ময়মনসিংহে নৌকার মিছিলে হামলার অভিযোগ
ময়মনসিংহের মুক্তাগাছায় নৌকা প্রতীকের প্রচার মিছিলে বিএনপির কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় গাবতলি বাজারে এ ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে নৌকার সমর্থকরা স্থানীয় কালীবাড়ি বাজারে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে বলেন, বিকালে নৌকার সমর্থনে ছাত্রলীগের নেতা-কর্মীরা মুক্তাগাছা শহর থেকে মোটরসাইকেল মিছিল করে স্থানীয় রসুলপুর বাজারে যায়।
“ফেরার পথে সন্ধ্যায় গাবতলি বাজার সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। তারা ছাত্রলীগ কর্মী তুহিনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।”
অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুল ফরাজী বলেন, “আমরা গাবতলি এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলাম। এ সময় আমাদেরকে দেখে যুবলীগ ও ছাত্রলীগ কর্মী সমর্থকরা তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে আমাদের নাম প্রচার করে। আমরা এ ঘটনার সাথে জড়িত না।”
মহাজোট প্রার্থী কেএম খালিদ বাবু বলেন, “বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসীরা আমার কর্মীদের ওপর হামলা করেছে। তারা আমার কর্মীদের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে।”
ওসি আলী আহম্মেদ মোল্লা বলেন, মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
