নারায়ণগঞ্জে মুরগির খামারিকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে; যিনি আগে মাদক কেনাবেচা করলেও বর্তমানে হাঁস-মুরগির খামার দিয়ে জীবিকা চালাচ্ছিলেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত সুমন মিয়া জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া নগর এলাকার তারা মিয়ার ছেলে।
সুমনের মা নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছে প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়।
এলাকাবাসী জানান, সুমন আগে মাদক কেনাবেচা করতেন। দুই বছর ধরে তিনি মাদক ছেড়ে নিজ এলাকায় হাঁস-মুরগি ও মাছের খামারের ব্যবসা শুরু করেন। এ সময় এলাকার কয়েকজনের সঙ্গে তার আধিপত্য বিস্তারের বিরোধ শুরু হয়।
এই বিরোধের জেরে তার মাছের খামারের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
নিহত সুমনের ফুফু আছমা বেগম বলেন, হামলার সময় তার ছেলে ফালান মিয়া তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ওপরও হামলার চেষ্টা হয়। তবে ফালান দৌড়ে পালিয়ে বাঁচেন।
সুমনের মা নার্গিস বেগম বলেন, “সুমন বর্তমানে সৎপথে উপার্জন করে সংসার চালাচ্ছিল। সন্ত্রাসীরা তাকে হত্যা করে তার ছেলেকে এতিম করে দিল।”
তিনি খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।
রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক বলেন, এ ঘটনায় জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জহিরুল ইসলাম মুড়াপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
