পিরোজপুরে ৩ জামায়াত নেতা গ্রেপ্তার, পেট্রোল বোমা উদ্ধার
পিরোজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিপুল জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় পেট্রোল বোমাসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরের বাইপাস এলাকার সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পিরোজপুর সদর থানায় মঙ্গলবার রাতেই এ বিষয়ে মামলা হয়।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক বিষয়টি বুধবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দাঁতপুর গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে পিরোজপুর জেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন জুয়েল (৪৮), কাউখালীর বিড়ালঝুড়ি গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে শওকত আলী (৪২) এবং পিরোজপুর সদরের নামাজপুর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে নুরুল ইসলাম (৩৫)।
ওসি বলেন, তাদের বহনকারী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
“গাড়ি থেকে একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, চারটি হাতবোমা, পাঁচটি পেট্রোল বোমা, চারটি রামদা, দুইটি হকিস্টিক, ১৬টি জিআই পাইপ, তিনটি চাপাতি ও তিনটি ডেগার উদ্ধার করা হয়েছে।”
ওসি জিয়াউল বলেন, মঙ্গলবার দুপুরে টহল পুলিশের একটি দল শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ডিউটি করার সময় ইন্দুরকানী থেকে একটি লাল রংয়ের মাইক্রোবাস এলে পুলিশ তাদের থামতে নির্দেশ দেয়।
“কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক দ্রুত চালিয়ে বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশনের ভিতর ঢুকে পড়ে। পুলিশও পিছু নিয়ে ধাওয়া করে তিন জনকে গ্রেপ্তার করে।”
এ সময় মাইক্রোবাসের চালকসহ বেশ কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে যায় বলে ওসি জানান।
ওসি আরও বলেন, “গ্রেপ্তাররা জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য তারা তৎপরতা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
